WhatsApp-এ AI সেলস এজেন্ট: আজ কী সম্ভব
মাঠের SR সারাদিন ড্যাশবোর্ড খোলে না — এটা তার দোষ না, তার হাতে সময় নেই। কিন্তু WhatsApp তার সারাদিন খোলা। বাংলাদেশে ডিলারের অর্ডারও WhatsApp-এই আসে।
এই ফাঁকটাই কাজে লাগানোর মতো।
আজ কী সম্ভব
প্রশ্নের উত্তর। "আজ কত বিক্রি হলো?", "আমার টেরিটরিতে কে পিছিয়ে?" — এগুলোর উত্তর ডেটা থেকে বের করে বাংলায় লিখে পাঠানো আজ সম্ভব, আর কঠিনও না।
রোজ সকালের সারাংশ। আগের দিনের বিক্রি, বকেয়া, কে অর্ডার দেয়নি — সকাল আটটায় নিজে থেকে চলে আসা। এটা সবচেয়ে কম খাটুনিতে সবচেয়ে বেশি কাজে লাগে, কারণ কাউকে কিছু জিজ্ঞেস করতেই হয় না।
অর্ডার নেওয়া। ডিলার লিখলে সেটা ধরে হিসাবে তোলা যায়। তবে এখানেই সবচেয়ে বেশি সাবধানতা লাগে — ভুল অর্ডার মানে ভুল চালান।
যেগুলো শুনতে সহজ, আসলে না
"যেকোনো প্রশ্নের উত্তর দেবে।" দেবে না। যে প্রশ্নের উত্তর ডেটায় আছে, সেটার দেবে। "আগামী মাসে বাজার কেমন যাবে?" — এটার উত্তর আপনার ফাইলে নেই।
"নিজেই শিখে নেবে।" কোন সংখ্যাটা টার্গেট, কোনটা অর্জন, কোন কলামে বকেয়া — এগুলো একবার বলে দিতে হয়। এটা এক বারের কাজ, কিন্তু কাজটা আছে।
"কালই চালু করা যাবে।" WhatsApp-এ ব্যবসার অ্যাকাউন্ট দিয়ে বার্তা পাঠাতে Meta-র অনুমোদন লাগে, আর প্রতি কথোপকথনে খরচ আছে। টাকাটা বড় না, কিন্তু সেটআপের সময়টা ধরে রাখতে হয়।
কীভাবে শুরু করা উচিত
অর্ডার নেওয়া দিয়ে না — রোজ সকালের সারাংশ দিয়ে। এতে ঝুঁকি নেই, কারণ কিছু লেখা হচ্ছে না, শুধু পড়া হচ্ছে। টিম এক মাস ব্যবহার করলে বোঝা যায় কোন তথ্যটা তারা আসলে চায়, আর কোনটা শুধু শুনতে ভালো লাগে।
সেটা জানার পর বাকিটা বানানো অনেক সহজ।
এই জিনিসটা এখনো তৈরি হচ্ছে। চালু হলে এখানে লিখে দেব — আগ্রহ থাকলে ফর্মে নাম রেখে যান।